খেলাধূলা

লিমরিকে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত

· · ২৬৩ বার পঠিত
লিমরিকে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত

আয়ারল্যান্ডের কাউন্টি লিমরিকে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার Green Hills Hotel এ আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্য এক গুরুত্বপূর্ণ আয়োজন, যেখানে নির্বাচনকে ঘিরে উপস্থিতদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং প্রাণচাঞ্চল্য।

জমকালো এই নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাউন্সিলর আজাদ তালুকদার। তাঁর সঙ্গে নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন হামিদুল নাসির এবং সাইদ রেদওয়ান আহমেদ। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক (আনোয়ার), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ খুরশীদ আনোয়ার (আকাশ), সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, রাজনৈতিক ব্যক্তিত্ব রফিক খাঁন, কবি ও লেখক সাজেদুল চৌধুরী রুবেলসহ আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুরুতেই নতুন কমিটির গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব নির্ধারিত হয়ে যায়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন চুন্নু মাতুব্বর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ফয়সাল হুদা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মুবিন আহমেদ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন আলমগীর হোসেন। আইন বিষয়ক সম্পাদক হিসেবে গোলাম মোর্শেদ কামরুল, প্রচার সম্পাদক হিসেবে মানিক মোঃ মনিরুজ্জামান এবং আইটি সম্পাদক হিসেবে শহীদুল ইসলাম রনি দায়িত্ব লাভ করেন।

অন্যদিকে সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৫৩ জন কাউন্সিলরের মধ্যে ৪১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক এবং প্রাণবন্ত করে তোলে।

সহ সভাপতি পদে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন নির্বাচিত হন। বিজয়ী প্রার্থীরা হলেন রাব্বি খাঁন, আবু বিজয়, নজরুল ইসলাম মানিক এবং মোজাম্মেল হক।

সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হন জস উদ্দিন তমাল। নির্বাচনের অন্যতম আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল এই পদকে কেন্দ্র করে।

কার্যকরী সদস্য পদে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজন নির্বাচিত হন। বিজয়ী সদস্যরা হলেন আওয়াদ হোসেন সোহেল, জয়নাল হোসেন, মোতালেব, মাহফুজ রহমান এবং নুরুল ইসলাম।

ফলাফল ঘোষণার পর অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর আজাদ তালুকদার নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। নতুন কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন, ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির মধ্যে খেলাধুলার চর্চা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসে ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখারও একটি শক্তিশালী মাধ্যম। বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (BSAI) এর নতুন নেতৃত্ব সেই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা করছেন কমিউনিটির সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সংগঠনটি আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি