কমিউনিটি

Ireland Against Racism Fund ২০২৬ঃ বাংলাদেশী কমিউনিটির পক্ষে আবাই কি এগিয়ে আসবে?

· · ৬৮২ বার পঠিত
Ireland Against Racism Fund ২০২৬ঃ বাংলাদেশী কমিউনিটির পক্ষে আবাই কি এগিয়ে আসবে?

আয়ারল্যান্ডে বর্ণবাদ, বৈষম্য এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা সাম্প্রতিক বছরগুলোতে নতুন মাত্রা পেয়েছে। দেশটির National Action Plan Against Racism বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ২০২৬ সালের জন্য Ireland Against Racism Fund চালু করেছে। Department of Justice, Home Affairs and Migration পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য হলো এমন প্রকল্পকে সহায়তা করা, যা বর্ণবাদ মোকাবিলা, সমতা বৃদ্ধি এবং বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক কমিউনিটির অংশগ্রহণকে শক্তিশালী করবে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তহবিলে সর্বোচ্চ €১.৪ মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। আবেদন গ্রহণের শেষ সময় ১ জুলাই ২০২৬ দুপুর ১২টা। নির্বাচিত প্রকল্পগুলোর ঘোষণা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে এবং অনুমোদিত প্রকল্প অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে পারবে।

কী এই Ireland Against Racism Fund?
Ireland Against Racism Fund হলো আয়ারল্যান্ড সরকারের একটি বিশেষ অনুদান কর্মসূচি, যার মাধ্যমে বিভিন্ন কমিউনিটি, স্বেচ্ছাসেবী এবং অলাভজনক সংগঠনকে বর্ণবাদবিরোধী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০২৩ সালে কর্মসূচি চালুর পর থেকে ইতোমধ্যে ৯৫টির বেশি প্রকল্পে প্রায় €৩.৯ মিলিয়ন অর্থায়ন করা হয়েছে।

সরকারের মতে, শুধু বর্ণবাদ নিয়ে আলোচনা নয়, বরং এর প্রভাব বোঝা, তথ্য সংগ্রহ করা, ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা তুলে ধরা এবং সমাধানভিত্তিক উদ্যোগ গ্রহণই এই তহবিলের মূল উদ্দেশ্য।

কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে?
২০২৬ সালের তহবিলে পাঁচটি মূল অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

  • বর্ণবাদের শিকার ব্যক্তিদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা।
  • জাতিগত সমতা এবং বৈষম্য হ্রাস করা।
  • সংখ্যালঘু কমিউনিটির অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করা।
  • বর্ণবাদ সংক্রান্ত তথ্য, গবেষণা ও অভিজ্ঞতা সংগ্রহ করা।
  • বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সংহতি জোরদার করা।

কত টাকা পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে?
তহবিলটি তিনটি পৃথক স্কিমের মাধ্যমে পরিচালিত হবে।

  • বড় আকারের জাতীয় বা আঞ্চলিক প্রকল্পের জন্য €১০০,০০০ থেকে €২৫০,০০০ পর্যন্ত।
  • মাঝারি আকারের প্রকল্পের জন্য €৪০,০০০ থেকে €১০০,০০০ পর্যন্ত।
  • স্থানীয় পর্যায়ের প্রকল্পের জন্য €৫,০০০ থেকে €১০,০০০ পর্যন্ত।

প্রকল্পের ধরন, আকার, প্রভাব এবং আবেদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে।

বাংলাদেশী কমিউনিটির জন্য কেন গুরুত্বপূর্ণ?
আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ডাবলিন, কর্ক, গলওয়ে, লিমেরিক, ড্রহেডা, সোর্ডস এবং অন্যান্য এলাকায় হাজার হাজার বাংলাদেশী বসবাস করছেন। তারা ব্যবসা, স্বাস্থ্যসেবা, পরিবহন, তথ্যপ্রযুক্তি, আতিথেয়তা শিল্প এবং উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তবে বাস্তবতা হলো, অনেক অভিবাসী কমিউনিটির মতো বাংলাদেশীরাও কখনও কখনও কর্মক্ষেত্র, বাসস্থান, শিক্ষা কিংবা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈষম্য বা নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হন। এসব অভিজ্ঞতার বেশিরভাগই আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয় না। ফলে নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশী কমিউনিটির বাস্তব চিত্র অনেক সময় অদৃশ্য থেকে যায়।

এখানেই আবাই এর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে
All Bangladeshi Association of Ireland (ABAI) বা আবাই দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসেবে পরিচিত। যদি সংগঠনটি এই তহবিলের আওতায় আবেদন করে, তাহলে বাংলাদেশী কমিউনিটির অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং বাস্তবতা জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে।

আবাই চাইলে গবেষণা, জরিপ, কমিউনিটি পরামর্শ সভা, সচেতনতামূলক কর্মসূচি এবং প্রশিক্ষণ কার্যক্রমের মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এর মাধ্যমে বাংলাদেশীদের অভিজ্ঞতা শুধু নথিভুক্তই হবে না, বরং তা স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণেও প্রভাব ফেলতে পারে।

আবাই কী ধরনের প্রকল্প নিতে পারে?

  • আয়ারল্যান্ডে বাংলাদেশীদের বর্ণবাদ ও বৈষম্যের অভিজ্ঞতা নিয়ে জাতীয় জরিপ।
  • বাংলাদেশী তরুণদের জন্য anti-racism leadership programme।
  • বর্ণবাদী ঘটনা রিপোর্ট করার পদ্ধতি নিয়ে সচেতনতামূলক কর্মশালা।
  • বাংলা ভাষায় তথ্যপুস্তিকা ও অনলাইন রিসোর্স তৈরি।
  • স্থানীয় কাউন্সিল, গার্ডা, স্কুল ও অন্যান্য কমিউনিটি সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগ।
  • নারী, শিক্ষার্থী ও নতুন অভিবাসীদের অভিজ্ঞতা নিয়ে গবেষণা।

শুধু অনুদান নয়, প্রতিনিধিত্বের প্রশ্নও
এই তহবিলকে শুধুমাত্র আর্থিক সহায়তার সুযোগ হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত একটি সুযোগ, যার মাধ্যমে বিভিন্ন কমিউনিটি নিজেদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং প্রয়োজনকে জাতীয় আলোচনার অংশ করতে পারে।

বাংলাদেশী কমিউনিটির অনেক সদস্য এখন প্রশ্ন তুলতে পারেন, আয়ারল্যান্ডে বাংলাদেশীদের সবচেয়ে পরিচিত ও নির্বাচিত সংগঠন হিসেবে আবাই কি এই সুযোগ কাজে লাগাবে? সংগঠনটি কি একটি গবেষণাভিত্তিক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরার উদ্যোগ নেবে?

আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আবাই কি ইতোমধ্যে এই তহবিল নিয়ে আলোচনা শুরু করেছে? কোনো গবেষণা দল বা প্রকল্প কমিটি গঠন করা হয়েছে কি? কমিউনিটির সদস্যদের মতামত সংগ্রহের কোনো পরিকল্পনা আছে কি? নাকি এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগে বাংলাদেশী কমিউনিটির কণ্ঠস্বর অনুপস্থিত থেকে যাবে?

Ireland Against Racism Fund ২০২৬ শুধু একটি অনুদান কর্মসূচি নয়; এটি আয়ারল্যান্ডের বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক কমিউনিটিকে জাতীয় পর্যায়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার একটি সুযোগ। বাংলাদেশী কমিউনিটির ক্ষেত্রে সেই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব অনেকাংশেই আবাই এর মতো প্রতিনিধিত্বশীল সংগঠনের ওপর বর্তায়।

আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া
Ireland Against Racism Fund ২০২৬ সম্পর্কিত পূর্ণাঙ্গ নির্দেশিকা, আবেদনপত্র, মূল্যায়ন মানদণ্ড এবং অন্যান্য তথ্য আয়ারল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন করতে আগ্রহী সংগঠনগুলোকে সম্পূর্ণ Guidance Document মনোযোগ সহকারে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যঃ https://www.gov.ie/en/department-of-justice-home-affairs-and-migration/campaigns/ireland-against-racism-fund/

সংবাদের সূত্রঃ
Government of Ireland, Department of Justice Home Affairs and Migration, National Action Plan Against Racism, Ireland Against Racism Fund 2026.

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি