বাংলাদেশের বিদেশস্থ দূতাবাস ও হাইকমিশনগুলো দীর্ঘদিন ধরে তাদের অফিসিয়াল নথিতে "কনস্যুলার সেবা (Consular Services)" পরিভাষা ব্যবহার করে আসছে। কিন্তু আয়ারল্যান্ডে কিছু সংগঠনের প্রচারসামগ্রীতে "কনস্যুলার সেবা (Consular Services)" ব্যবহারের পরিবর্তে "পাসপোর্ট সার্জারি" শব্দটি ব্যবহৃত হওয়ায় ভাষাগত ও অর্থগত যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই লেখায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি পরিভাষা ব্যবহারের গুরুত্ব, শব্দচয়নের অসঙ্গতি এবং বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
বিদেশে বাংলাদেশের সব দূতাবাস ও হাইকমিশনের অফিসিয়াল নথিতে এই সেবাগুলোকে "কনস্যুলার সেবা (Consular Services)" বলা হয়। ব্যতিক্রম যেন কেবল আয়ারল্যান্ড। এখানে কিছু শিক্ষিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সরকারি পরিভাষাটিকে "কনস্যুলার সেবা" থেকে "পাসপোর্ট সার্জারি" তে রূপান্তর করেছেন।
এ বিষয়টি নিয়ে বহুবার আলোচনা হয়েছে। "সার্জারি" চিকিৎসাবিজ্ঞানের একটি পরিভাষা, যার অর্থ অস্ত্রোপচার। কনস্যুলার সেবার পরিবর্তে এই শব্দ ব্যবহার ভাষাগত, পেশাগত এবং অর্থগত, কোনো দিক থেকেই যথাযথ নয়। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি সরকারি পরিভাষা বাদ দিয়ে এমন একটি শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা কী ছিল, তা আজও আমার বোধগম্য নয়।
দুঃখের বিষয়, এই "পোকা ধরা" সংস্কৃতি এখনো আবাই ধরে রেখেছে। আবাই কর্তৃক প্রচারিত একটি পোস্টারে স্পষ্টভাবে লেখা আছে "পাসপোর্ট সার্জারি", অথচ তাদেরই অন্য একটি বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে "কনস্যুলার সেবা"। অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে সঠিকভাবেই "কনস্যুলার সেবা" শব্দটি ব্যবহার করা হয়েছে।
নিচের পোষ্টারটিতে দেখা যায়, শিরোনামে 'কনস্যুলার সেবা'র পরিবর্তে 'পাসপোর্ট সার্জারি' শব্দটি ব্যবহার করা হয়েছে।
এতে মনে হয়, বিষয়টি নিয়ে এক ধরনের ভাষাগত হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। কখনো "পাসপোর্ট সার্জারি", আবার কখনো "কনস্যুলার সেবা"। প্রশ্ন জাগে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সরকারি পরিভাষা থাকা সত্ত্বেও কেন এই বিভ্রান্তি? এটি কি ভাষা ব্যবহারে অসাবধানতা, নাকি অপ্রয়োজনীয় নতুনত্ব আনার চেষ্টা? সত্যিই বিষয়টি বোধগম্য নয়।
সাধারণভাবে কনস্যুলার সেবার আওতায় থাকেঃ
- ই-পাসপোর্ট (E-Passport)
- No Visa Required (NVR)
- Power of Attorney Attestation
- Birth Registration
- বিভিন্ন ধরনের Attestation
- অন্যান্য কনস্যুলার সেবা
অথচ প্রচারপত্রে যখন "পাসপোর্ট সার্জারি" লেখা হয়, তখন তার আক্ষরিক অর্থ দাঁড়ায়, পাসপোর্টকে কেটে-ছেঁড়ে সুস্থ করে তোলা! অর্থগতভাবে শব্দটি ঠিক এমনই একটি ধারণা তৈরি করে।
তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা যদি সত্যিই বিজ্ঞপ্তি অনুযায়ী "পাসপোর্ট সার্জারি" করতে আয়ারল্যান্ডে আসেন, তবে তাঁরা কি আসার আগে আয়ারল্যান্ডের HSE এর সঙ্গে যোগাযোগ করেছেন? কারণ একটি সার্জারি পরিচালনা করতে তো প্রয়োজন হয়ঃ
- Clinical space
- Surgical equipment
- Medicine
- Hospital bed
- Surgeon
- Nurse
- Sterilisation facilities
এসব ব্যবস্থার দায়িত্ব তো আয়ারল্যান্ডের HSE এর। সার্জারি করতে হলে এগুলো লাগবেই, তাই না?
পাসপোর্ট যদিও একটি জড় বস্তু, তবুও "সার্জারি" শব্দটি শুনলে মনে হয় যেন তারও প্রাণ আছে। আর কাটা-ছেঁড়ার কথা শুনলে ভয় পাওয়া তো প্রাণীর স্বাভাবিক বৈশিষ্ট্য। তাহলে বেচারা পাসপোর্টের ভয় পাওয়াটা কি খুব অস্বাভাবিক?
তাই আমার মনে হয়, ভবিষ্যতে আবাইয়ের উচিত হবে "পাসপোর্ট সার্জারি" সংক্রান্ত পোষ্টারের সঙ্গে একটি চিকিৎসা-সংক্রান্ত নির্দেশিকাও সংযুক্ত করা। যেমন, রোগী (অর্থাৎ পাসপোর্ট) যেন অপারেশনের আগে অন্তত ৮ ঘণ্টা উপবাস থাকে, অপারেশনের পর বিশ্রামে থাকে এবং প্রয়োজনে ফলো-আপ অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়!
উল্লেখ্যঃ বাংলা একাডেমির প্রচলিত বানানরীতি অনুযায়ী ইংরেজি -y দিয়ে শেষ হওয়া অনেক শব্দ বাংলায় -ি (ই-কার) দিয়ে লেখা হয়, -ী (ঈ-কার) দিয়ে নয়। যেমন, ডায়েরি, গ্যালারি, লাইব্রেরি, ক্যাটাগরি এবং সার্জারি। তাই "সার্জারী" বানানটিও শুদ্ধ নয়; সঠিক বানান "সার্জারি"।