সংবাদমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল পত্রিকা কেবল খবর প্রকাশ করে না; এটি মানুষের অভিজ্ঞতা, সংকট, অর্জন, অধিকার, সংস্কৃতি এবং কমিউনিটির বাস্তবতাকে সততার সঙ্গে তুলে ধরে। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জন্য বাংলা বার্তা সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে।
বাংলা বার্তার অবস্থান পরিষ্কার
বাংলা বার্তায় কোনো ধর্ম, জাতি, রাজনৈতিক পক্ষ, ব্যক্তি, পরিবার, সংগঠন কিংবা কমিউনিটির সদস্যকে আক্রমণ, হেয় প্রতিপন্ন, অপমান, ভাবমূর্তি বিনষ্ট বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে রচিত কোনো লেখা বা উপাদান কখনোই প্রকাশ করা হবে না।
বস্তুনিষ্ঠ তথ্যের বদলে অতিরঞ্জন ও চটকদার শিরোনাম, আবেগ উস্কে দেওয়া ভাষা, অসম্পূর্ণ তথ্য, গুজব, ব্যক্তিগত আক্রমণ বা উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনাকে বাংলা বার্তায় কখনোই গুরুত্ব দেওয়া হবে না। কারণ এর লক্ষ্য জনস্বার্থ নয়; বরং মনোযোগ আকর্ষণ, বিভ্রান্তি সৃষ্টি বা সস্তা জনপ্রিয়তা অর্জন, যা বাংলা বার্তা কখনোই সমর্থন করে না।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার না করে উপরে উল্লিখিত উপায়ে ক্ষণিক জনপ্রিয়তা কিংবা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অসত্য এবং অতিরঞ্জিত সংবাদ প্রচার করলে তা পাঠকের আস্থা নষ্ট করে এবং একটি সংবাদমাধ্যমকে দীর্ঘমেয়াদে অগ্রহণযোগ্য করে তোলে। একটি ভুল, পক্ষপাতদুষ্ট বা অপমানজনক প্রকাশনা অনেক সময় একজন ব্যক্তি বা পরিবারের সামাজিক অবস্থান, মানসিক শান্তি এবং ব্যক্তিগত নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
একটি পত্রিকার ওপর এর ক্ষতিকর প্রভাব
ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাচ্ছেতাই সংবাদ শুধুমাত্র ক্ষণিকের জন্য পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু তা একটি সংবাদমাধ্যমের মূল সম্পদ, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা, ধ্বংস করে। একবার পাঠক মনে করলে কোনো পত্রিকা তথ্য যাচাই না করে ব্যক্তিগত আক্রমণ অথবা কোনো বিশেষ উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করে, তখন সেই পত্রিকার প্রতি জনআস্থা উঠে যায়। এ ধরনের সাংবাদিকতা কেবল একটি সংবাদমাধ্যমের সুনামই নষ্ট করে না, এটি পাঠক, কমিউনিটি এবং গণমাধ্যমের প্রতি জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ
- সংবাদমাধ্যমের নৈতিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়।
- পাঠকের আস্থা ও দীর্ঘমেয়াদী সম্পর্ক দুর্বল হয়।
- কমিউনিটির ভেতরে বিভাজন, সন্দেহ ও উত্তেজনা তৈরি হতে পারে।
- আইনি, সামাজিক ও পেশাগত ঝুঁকি তৈরি হয়।
- সত্যিকারের জনস্বার্থমূলক সংবাদও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
বাংলা বার্তার নীতিগত অবস্থান
বাংলা বার্তা জনস্বার্থ, কমিউনিটির কল্যাণ এবং সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে সংবাদ প্রকাশ করে। আমাদের উদ্দেশ্য কাউকে আক্রমণ করা নয়, বরং এমন তথ্য তুলে ধরা যা মানুষের জানা দরকার, সমাজের জন্য গুরুত্বপূর্ণ, কল্যাণকর এবং বাংলাদেশী কমিউনিটির বাস্তব জীবনে সহায়ক ও তথ্যবহুল।
আমাদের মাধ্যমে মানুষ উপকৃত হবে, গুরুত্বপূর্ণ তথ্য জানবে, অধিকার ও সুযোগ সম্পর্কে সচেতন হবে এবং কমিউনিটির ইতিবাচক কাজগুলো সামনে আসবে, এটিই বাংলা বার্তার মূল লক্ষ্য।
রাজনৈতিক সংবাদ ও কমিউনিটি গাইডলাইন
রাজনৈতিক সংবাদ প্রকাশের ক্ষেত্রেও বাংলা বার্তা নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইন অনুসরণ করে। কোনো রাজনৈতিক দল, মত, ব্যক্তি বা সংগঠন নিয়ে সংবাদ প্রকাশের সিদ্ধান্ত আবেগ, চাপ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে নেওয়া হয় না। সংবাদটি জনস্বার্থমূলক কি না, তথ্য যাচাইযোগ্য কি না, ভাষা দায়িত্বশীল কি না এবং তা কমিউনিটির মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন বা বিদ্বেষ সৃষ্টি করছে কি না, এসব বিষয় বিবেচনা করা হয়।
কেউ যদি বাংলা বার্তাকে ব্যক্তিগত প্রতিশোধ, রাজনৈতিক আক্রমণ, চরিত্রহনন, অপমান, সম্মানহানি বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান, সেই লেখা প্রকাশ করা হবে না। গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে লেখা পাঠানো বা প্রকাশনা সহযোগিতা থেকে স্থায়ীভাবে নিরুৎসাহিত করা হবে।
আমরা কী প্রকাশ করি
বাংলা বার্তা এমন সংবাদ ও লেখা প্রকাশে আগ্রহী, যা সমাজ, পরিবার, কমিউনিটি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, অভিবাসন, সংস্কৃতি, নাগরিক অধিকার, জনসেবা, মানবিক উদ্যোগ এবং আয়ারল্যান্ডে বাংলাদেশীদের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত।
যেমনঃ
- যাচাইযোগ্য ও জনস্বার্থমূলক সংবাদ
- কমিউনিটির কল্যাণে সহায়ক তথ্য
- সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ
- আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা
- দায়িত্বশীল মতামত, বিশ্লেষণ ও অভিজ্ঞতা
আমরা কী প্রকাশ করি নাঃ
বাংলা বার্তা কোনোভাবেই অপমানজনক, বিদ্বেষমূলক, গুজবনির্ভর, অসম্মানজনক, ব্যক্তিগত আক্রমণাত্মক বা প্রমাণহীন অভিযোগভিত্তিক লেখা প্রকাশ করে না। মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, তবে সেই স্বাধীনতা কখনোই অন্যের মর্যাদা নষ্ট করার লাইসেন্স নয়।
বাংলা বার্তা আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটির দর্পণ। এই দর্পণে আমরা সমাজের বাস্তবতা, অর্জন, সংকট ও সম্ভাবনাকে দায়িত্বের সঙ্গে তুলে ধরতে চাই। সংবাদ আমাদের কাছে ক্ষমতার হাতিয়ার নয়; এটি মানুষের উপকার, সচেতনতা এবং সামাজিক কল্যাণের মাধ্যম।
কোনো কমিউনিটি সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার নৈতিক অবস্থান, দায়িত্বশীল সংবাদচর্চা এবং মানুষের আস্থার ওপর। বাংলা বার্তা সেই আস্থা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংবাদ প্রকাশের আগে ভাবি, যাচাই করি এবং দায়িত্বের সঙ্গে সিদ্ধান্ত নিই, কারণ প্রতিটি প্রকাশনার সামাজিক প্রভাব আছে।
বাংলা বার্তার কমিউনিটি নির্দেশিকাঃ
https://banglabarta.ie/community-guidelines
Bangla Barta Community Guidelines, Society of Professional Journalists, U.S. Office of the Historian.