আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের Cost Rental Accommodation: কীভাবে আবেদন করবেন, যোগ্যতা, আয়সীমা, নিয়ম এবং বাংলাদেশীদের জন্য পূর্ণাঙ্গ গাইড

· · ৩৩২ বার পঠিত
আয়ারল্যান্ডের Cost Rental Accommodation: কীভাবে আবেদন করবেন, যোগ্যতা, আয়সীমা, নিয়ম এবং বাংলাদেশীদের জন্য পূর্ণাঙ্গ গাইড

আয়ারল্যান্ডে বাড়িভাড়ার উচ্চমূল্য দীর্ঘদিন ধরেই বড় একটি সংকট। বিশেষ করে ডাবলিন, কর্ক, গলওয়ে এবং লিমরিক এর মতো শহরে বাড়িভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যম আয়ের মানুষদের জন্য সরকার চালু করেছে Cost Rental Accommodation ব্যবস্থা। এটি এমন একটি দীর্ঘমেয়াদি ভাড়া ব্যবস্থা, যেখানে ভাড়ার পরিমাণ বাজারমূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম রাখা হয়। সাধারণত Cost Rental বাড়ির ভাড়া স্থানীয় বাজারদরের তুলনায় অন্তত ২৫ শতাংশ পর্যন্ত কম হতে পারে।

Cost Rental Accommodation কী?

এটি সরকারের সহায়তায় পরিচালিত একটি দীর্ঘমেয়াদি ভাড়া প্রকল্প, যেখানে ভাড়ার পরিমাণ বাড়ি নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয়। অর্থাৎ এটি বাণিজ্যিক লাভের জন্য নয়। এর মূল লক্ষ্য হলো এমন কর্মজীবী মানুষদের সহায়তা করা, যারা Social Housing এর জন্য যোগ্য নন, কিন্তু বর্তমান বাজারদরের ভাড়া বহন করাও কঠিন।

কারা আবেদন করতে পারবেন?

বর্তমান নিয়ম অনুযায়ী আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়ঃ

  1. ডাবলিন এলাকায় পরিবারের বার্ষিক Net Household Income সর্বোচ্চ €৬৬,০০০/- হতে হবে।
  2. ডাবলিন এর বাইরে আয়সীমা সর্বোচ্চ €৫৯,০০০/-
  3. HAP, Rent Supplement বা অন্য কোনো Social Housing Support গ্রহণ করা যাবে না
  4. আয়ারল্যান্ড বা অন্য কোনো দেশে নিজের নামে বাড়ি থাকা যাবে না
  5. পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী বাড়ির আকার উপযুক্ত হতে হবে
  6. পরিবারের সব সদস্য আবেদনকালে আয়ারল্যান্ডে বসবাস করতে হবে
  7. ভাড়া পরিশোধের সক্ষমতা থাকতে হবে
Net Household Income কীভাবে হিসাব করা হয়?

Net Household Income বলতে পরিবারের ১৮ বছরের বেশি বয়সী সদস্যদের কর, USC, PRSI এবং নির্দিষ্ট কর্তন বাদ দেওয়ার পরের মোট আয় বোঝায়। অর্থাৎ শুধুমাত্র বেতনের পরিমাণ নয়, বরং হাতে পাওয়া প্রকৃত আয়ের ভিত্তিতে হিসাব করা হয়।

একটি গুরুত্বপূর্ণ নিয়মঃ ৩৫% Affordability Test

Cost Rental এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো, আপনার মাসিক ভাড়া আপনার Net Income এর ৩৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়। যদি তার বেশি হয়, তবে কখনও কখনও পূর্বের ভাড়া প্রদানের ইতিহাস দেখানোর সুযোগ থাকতে পারে।

কীভাবে আবেদন করবেন?

Cost Rental এর জন্য স্থায়ী Waiting List নেই। প্রতিটি নতুন প্রকল্প আলাদাভাবে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। আবেদন প্রক্রিয়া সাধারণত এমনঃ

  1. নতুন Cost Rental প্রকল্প প্রকাশিত হলে অনলাইনে আগ্রহ নিবন্ধন করতে হবে
  2. একটি পরিবার একটি প্রকল্পে মাত্র একবার আবেদন করতে পারবে
  3. আবেদন শেষ হলে Lottery System এর মাধ্যমে আবেদনকারীদের নির্বাচন করা হয়
  4. নির্বাচিত হলে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হয়
  5. যাচাই শেষে বাড়ি বরাদ্দ দেওয়া হয়
কী কী কাগজপত্র লাগতে পারে?
  1. Passport বা Photo ID
  2. ঠিকানার প্রমাণ
  3. Residency প্রমাণ
  4. গত তিন মাসের Payslip
  5. Employment Details Summary (আগের P60)
  6. Statement of Liability
  7. Bank Statement
  8. Employer Reference
  9. Landlord Reference
Cost Rental বাড়ি কি ফার্নিশড হয়?

বেশিরভাগ Cost Rental বাড়ি সম্পূর্ণ ফার্নিশড হয় না। তবে সাধারণত Fridge, Oven, Washing Machine, Flooring এবং Blinds দেওয়া থাকতে পারে। বিদ্যুৎ, ইন্টারনেট ও অন্যান্য ইউটিলিটি আলাদাভাবে নিজেকেই ব্যবস্থা করতে হয়।

যদি ভবিষ্যতে আপনার আয় বেড়ে যায়?

অনেকের একটি সাধারণ প্রশ্ন হলো, পরবর্তীতে আয়সীমা অতিক্রম করলে কি বাড়ি ছাড়তে হবে? বর্তমান নিয়ম অনুযায়ী, আপনার যোগ্যতা বাড়িতে প্রবেশের সময় যাচাই করা হয়। পরবর্তীতে আয় বৃদ্ধি পেলেও আপনি বাড়িতে থাকতে পারবেন।

বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শঃ

আয়ারল্যান্ডে বসবাসরত অনেক বাংলাদেশী পরিবার Cost Rental সম্পর্কে জানেন না অথবা খুব দেরিতে জানতে পারেন। বাস্তবে নতুন প্রকল্প প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আবেদন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। তাই নিয়মিত LDA, Affordable Homes Ireland, Clúid এবং Approved Housing Body ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় Payslip, Bank Statement এবং Reference আগে থেকেই প্রস্তুত রাখুন। আবেদন শুরু হওয়ার পর অনেক সময় মাত্র ৪৮–৭২ ঘণ্টার মধ্যে কাগজ জমা দিতে হয়।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক বাংলাদেশী পরিবার HAP ব্যবহার করেন। মনে রাখতে হবে, HAP গ্রহণ করলে সাধারণত Cost Rental এর জন্য আবেদনযোগ্যতা থাকে না। তাই আবেদন করার আগে নিজের পরিস্থিতি ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

সংবাদের সূত্রঃ
https://affordablehomes.ie/cost-rental/faq/
https://lda.ie/affordable-homes/lda-cost-rental

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি