আয়ারল্যান্ডে বাড়ির মূল্য বৃদ্ধির ফলে অনেক মধ্যম আয়ের পরিবার নিজস্ব বাড়ি কেনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। এই পরিস্থিতিতে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর যৌথ উদ্যোগে পরিচালিত Affordable Purchase Scheme বহু পরিবারের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।
⚠️ গুরুত্বপূর্ণ তথ্যঃ
Dundalk এর নতুন Affordable Housing Scheme এর জন্য আবেদন গ্রহণ শুরু হবে আজ সোমবার, ২২ জুন ২০২৬, দুপুর ১২টা থেকে। যোগ্য আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন পোর্টালঃ
https://www.louthcoco.ie/
যারা আবেদন করতে আগ্রহী, তাদেরকে এখনই Mortgage Approval, আয়ের নথিপত্র, Employment Detail Summary, Payslip এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন পোর্টাল চালু হওয়ার পর সব তথ্য অনলাইনে জমা দিতে হবে।
এই কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা বাজারমূল্যের তুলনায় কম দামে নতুন বাড়ি কিনতে পারেন। বিনিময়ে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ সম্পত্তির একটি অংশে Equity Share ধারণ করে, যা নির্দিষ্ট শর্ত অনুযায়ী ভবিষ্যতে পরিশোধ করতে হয়।
Affordable Purchase Scheme কী?
Affordable Purchase Scheme হলো এমন একটি আবাসন কর্মসূচি যেখানে স্থানীয় কর্তৃপক্ষ নতুন নির্মিত বাড়ি বা অ্যাপার্টমেন্ট বাজারমূল্যের তুলনায় কম দামে বিক্রির সুযোগ দেয়। এই ছাড়ের পরিমাণের সমপরিমাণ Equity Share স্থানীয় কর্তৃপক্ষ ধারণ করে।
উদাহরণস্বরূপ, কোনো বাড়ির বাজারমূল্য €৪০০,০০০ হলেও যদি একজন ক্রেতা সেটি ২০ শতাংশ ছাড়ে €৩২০,০০০ মূল্যে ক্রয় করেন, তাহলে স্থানীয় কর্তৃপক্ষ সম্পত্তির ২০ শতাংশ Equity Share ধরে রাখবে।
কারা আবেদন করতে পারবেন?
- First-Time Buyer
- Fresh Start Applicant
- যারা বর্তমানে কোনো বাড়ির মালিক নন
- যাদের বর্তমান আয় ও মর্টগেজ সক্ষমতা বাজারমূল্যের বাড়ি কেনার জন্য যথেষ্ট নয়
- যারা বাড়িটিকে নিজের প্রধান বাসস্থান (Principal Private Residence) হিসেবে ব্যবহার করবেন
- যাদের আয়ারল্যান্ডে অনির্দিষ্টকাল বসবাসের বৈধ অধিকার রয়েছে
Fresh Start Applicant বলতে সাধারণত বিবাহবিচ্ছেদ, বৈবাহিক বিচ্ছেদ বা দেউলিয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে পূর্ববর্তী বাড়ির মালিকানা হারানো ব্যক্তিদের বোঝায়।
Dundalk এর নতুন Affordable Housing প্রকল্পে বাড়ির ধরন, মূল্য ও আয়সীমাঃ
Louth County Council প্রকাশিত তথ্য অনুযায়ী আবেদনকারীদের পারিবারিক আয়, বাড়ির ধরন এবং ক্রয়মূল্যের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হবে। নিচে বিভিন্ন বাড়ির ধরন, সর্বনিম্ন ও সর্বোচ্চ ক্রয়মূল্য এবং প্রয়োজনীয় আয়সীমা তুলে ধরা হলো।
| বাড়ির ধরন | সর্বনিম্ন ক্রয়মূল্য | সর্বোচ্চ ক্রয়মূল্য | পারিবারিক আয়ের সর্বোচ্চ সীমা |
|---|---|---|---|
| ২ বেড Mid Terrace (৮৭m²) Type D |
€২৭১,১৯২ | €৩৭১,১০৩ | €৮৩,৪৯৮ |
| ৩ বেড End of Terrace হাউস (১১৯m²) Type A |
€৩০৬,৪৯৪ | €৩৯৭,৭১১ | €৮৯,৪৮৫ |
| ৩ বেড End of Terrace হাউস (১১৩m²) Type E |
€৩১১,৫৩৭ | €৪১৩,৭২০ | €৯৩,০৮৭ |
উল্লেখ্য, প্রকৃত ক্রয়মূল্য আবেদনকারীর আয়, মর্টগেজ সক্ষমতা, সঞ্চয় এবং স্থানীয় কর্তৃপক্ষের Equity Share এর পরিমাণের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। আবেদন গ্রহণের সময় চূড়ান্ত মূল্য ও যোগ্যতার শর্তাবলী Louth County Council এবং Affordable Homes Portal এর মাধ্যমে প্রকাশ করা হবে।
মর্টগেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ নিয়ম
আবেদনকারীদের সর্বোচ্চ মর্টগেজ সক্ষমতা ব্যবহার করতে হবে। সাধারণভাবে স্থানীয় কর্তৃপক্ষ ধরে নেয় যে একজন আবেদনকারী তার মোট পারিবারিক আয়ের চারগুণ পর্যন্ত মর্টগেজ পেতে পারেন।
যদি কোনো ব্যাংক চারগুণের কম মর্টগেজ অনুমোদন করে, তাহলে আবেদনকারীকে ব্যাংকের অনুমোদনপত্র জমা দিতে হবে এবং সেই অনুযায়ী ক্রয়মূল্য নির্ধারণ করা হবে।
ডিপোজিট কত লাগবে?
অনেকেই মনে করেন বাড়ির বাজারমূল্যের ১০ শতাংশ ডিপোজিট দিতে হয়। বাস্তবে Affordable Housing Scheme এ ডিপোজিট দিতে হয় ক্রেতা যে মূল্য পরিশোধ করবেন তার ১০ শতাংশ, বাজারমূল্যের ১০ শতাংশ নয়।
বাড়ির মূল্য কীভাবে নির্ধারণ করা হয়?
একই বাড়ির জন্য বিভিন্ন আবেদনকারীর প্রদেয় মূল্য ভিন্ন হতে পারে। কারণ ক্রয়মূল্য নির্ভর করে আবেদনকারীর আয়, মর্টগেজ সক্ষমতা, সঞ্চয় এবং প্রয়োজনে Help to Buy সুবিধার ওপর।
নিচের উদাহরণটি একটি €৩৯৫,০০০ বাজারমূল্যের বাড়ির জন্য Louth County Council এর প্রকাশিত উদাহরণ অনুসারে প্রস্তুত করা হয়েছে।
| মোট পারিবারিক আয় | সর্বোচ্চ মর্টগেজ | ডিপোজিট | ক্রেতার প্রদেয় মূল্য | কাউন্সিলের অবদান | Equity Share |
|---|---|---|---|---|---|
| €৭৩,০০০ | €২৯২,০০০ | €৩২,৪৪৪ | €৩২৪,৪৪৪ | €৭০,৫৫৬ | ১৮% |
| €৭৭,০০০ | €৩০৮,০০০ | €৩৪,২২২ | €৩৪২,২২২ | €৫৩,০০০ | ১৩% |
| €৮০,০০০ | €৩২০,০০০ | €৩৫,৫৫৫ | €৩৫৫,৫৫৫ | €৩৯,৪৪৫ | ১০% |
Equity Share কী?
Equity Share মানে এই নয় যে কাউন্সিল বাড়ির সহ-মালিক হয়ে যায়। এটি মূলত সেই আর্থিক সহায়তার পরিমাণ যা কাউন্সিল ক্রেতাকে বাড়ি কেনার জন্য প্রদান করে।
পরবর্তীতে বাড়ির মালিক চাইলে এককালীন বা একাধিক কিস্তিতে এই Equity Share আংশিক বা সম্পূর্ণভাবে কিনে নিতে পারেন।
৪০ বছর পর কী হবে?
সাধারণ নিয়ম অনুযায়ী কাউন্সিল ৪০ বছর পর্যন্ত তাদের Equity Share আদায়ের দাবি করে না। তবে বাড়ি বিক্রি করা হলে অথবা মালিক স্বেচ্ছায় Equity Share কিনে নিতে চাইলে তখন তা পরিশোধ করতে হয়।
আবেদনের আগে কী কী প্রস্তুতি নেওয়া উচিত?
- Mortgage Approval in Principle সংগ্রহ করা
- Salary Certificate প্রস্তুত রাখা
- Employment Detail Summary সংগ্রহ করা
- সাম্প্রতিক Payslip সংগ্রহ করা
- Help to Buy এর যোগ্যতা যাচাই করা
- প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান বা ডিজিটাল কপি প্রস্তুত রাখা
স্বনিযুক্ত (Self-Employed) আবেদনকারীদের ক্ষেত্রে গত দুই বছরের হিসাব, Tax Balancing Statement, Chapter 4 এবং Tax Payment Receipt প্রয়োজন হতে পারে।
বাংলাদেশী পরিবারদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
আয়ারল্যান্ডে বসবাসরত অনেক বাংলাদেশী পরিবার বাড়ি কেনার পরিকল্পনা করলেও উচ্চমূল্যের কারণে তা সম্ভব হয় না। Affordable Purchase Scheme তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। বিশেষ করে যেসব পরিবার প্রথমবারের মতো বাড়ি কিনতে চান এবং নির্ধারিত আয়সীমার মধ্যে পড়েন, তারা এই কর্মসূচির মাধ্যমে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পেতে পারেন।
Affordable Purchase Scheme শুধু একটি আবাসন কর্মসূচি নয়; এটি মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বাড়ির মালিক হওয়ার বাস্তব সুযোগ তৈরি করার একটি সরকারি উদ্যোগ। সঠিক প্রস্তুতি, মর্টগেজ অনুমোদন এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত থাকলে বাংলাদেশী পরিবারসহ অনেক আবেদনকারী এই কর্মসূচির সুবিধা নিতে পারেন।
আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যঃ
আয়ারল্যান্ডে বাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আবেদন করার আগে নিচের পূর্ণাঙ্গ গাইডগুলো অবশ্যই পড়ুন। যোগ্যতা, আয়সীমা, Mortgage, Help to Buy, First Home Scheme, County Council এর Affordable Housing এবং অন্যান্য সরকারি সহায়তা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এসব প্রতিবেদনে।
- আয়ারল্যান্ডের Affordable Housing ও Mortgage: যোগ্যতা, আয়সীমা, County Council আবেদন, নিয়ম এবং বাংলাদেশীদের জন্য পূর্ণাঙ্গ গাইড
- আয়ারল্যান্ডে বাড়ি কেনার সরকারি সহায়তাঃ Help to Buy, First Home Scheme ও অন্যান্য সুযোগ-সুবিধা
- First Home Scheme
- Help to Buy (HTB) Scheme
- Louth County Council
- Facebook Page, Louth County Council
বাংলা বার্তায় প্রকাশিত এই গাইডগুলো আপনাকে বাড়ি কেনার পুরো প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ও সহজবোধ্য ধারণা দেবে।
পরবর্তী করণীয়ঃসংবাদের সূত্রঃ
আপনি যদি Dundalk বা County Louth এলাকায় বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখন থেকেই Mortgage Approval, আয়ের নথিপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।
Louth County Council Affordable Purchase Scheme, Affordable Homes Ireland, Local Authority Affordable Purchase Scheme FAQ