আয়ারল্যান্ডের জাতীয় পুলিশ বাহিনী An Garda Síochána তাদের Taser পাইলট কর্মসূচি আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি কর্মসূচিটি লিমেরিক বিভাগেও সম্প্রসারণ করা হচ্ছে। Garda কর্তৃপক্ষ বলছে, পরীক্ষামূলক এই উদ্যোগের প্রাথমিক ফলাফল ইতিবাচক হওয়ায় এর কার্যকারিতা আরও বিস্তৃতভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বর মাসে ডাবলিনের স্টোর স্ট্রিট, পিয়ার্স স্ট্রিট ও কেভিন স্ট্রিট Garda Station এবং ওয়াটারফোর্ডে প্রথমবারের মতো Taser বহনের অনুমতি দেওয়া হয়। বর্তমানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১৬৭ জন Garda সদস্য এই কর্মসূচির আওতায় Taser ব্যবহার করতে পারেন।
এখন পর্যন্ত ১৫টি ঘটনায় ব্যবহার
Garda প্রকাশিত তথ্য অনুযায়ী, কর্মসূচি চালুর পর থেকে মোট ১৫টি ঘটনায় Taser ব্যবহার করা হয়েছে। এর মধ্যে তিনবার Taser নিক্ষেপ করা হয়েছে, পাঁচবার কর্মকর্তারা অস্ত্রটি প্রস্তুত অবস্থায় বের করেছেন এবং সাতবার শুধুমাত্র লেজার নির্দেশনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।
Garda জানিয়েছে, এসব ঘটনার ছয়টিতে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো না কোনো ধরনের অস্ত্র বহন করছিলেন। সাতটি ক্ষেত্রে গ্রেপ্তার ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও তিনটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের Mental Health Act 2001 এর অধীনে মূল্যায়নের জন্য হেফাজতে নেওয়া হয়।
গুরুতর আঘাতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
কর্তৃপক্ষের দাবি, Taser ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ঘটনায় Garda সদস্য বা সাধারণ নাগরিকের গুরুতর আঘাতের ঘটনা ঘটেনি। Taser নিক্ষেপের প্রতিটি ঘটনাই স্বাধীন পুলিশ তদারকি সংস্থা Fiosrú এর কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।
কেন সম্প্রসারণ করা হচ্ছে
Garda ডেপুটি কমিশনার Paul Cleary বলেছেন, এই কর্মসূচীর সফলতা শুধু কতবার Taser ব্যবহার করা হয়েছে তার ওপর নির্ভর করে না। বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো, কতগুলো সম্ভাব্য সহিংস পরিস্থিতি নিরাপদ ও নিয়ন্ত্রিত উপায়ে সমাধান করা সম্ভব হয়েছে।
তার মতে, বেশ কয়েকটি ক্ষেত্রে Taser এর উপস্থিতি বা সতর্কতামূলক প্রদর্শনই পরিস্থিতি শান্ত করতে যথেষ্ট হয়েছে। ফলে আরও উচ্চমাত্রার বলপ্রয়োগের প্রয়োজন পড়েনি। Garda নেতৃত্ব মনে করছে, এ অভিজ্ঞতা ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণ ও জবাবদিহিতার ব্যবস্থা
বর্তমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং বডি-ক্যামেরা ব্যবহারকারী Garda সদস্যরাই Taser বহন করতে পারেন। প্রশিক্ষণের সময় মানবাধিকার, আইরিশ আইন, সংঘাত নিয়ন্ত্রণ এবং শক্তি প্রয়োগের অনুপাতিকতা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Garda কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, Taser ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে বেশ কয়েকটি কঠোর নিয়ম ও তদারকি ব্যবস্থা কার্যকর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- প্রতিটি Taser ব্যবহারের ঘটনা নথিভুক্ত করা হয়।
- বডি-ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হয়।
- স্বাধীন তদারকি সংস্থার মাধ্যমে পর্যালোচনার ব্যবস্থা রয়েছে।
- নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন বাধ্যতামূলক।
বিতর্ক ও উদ্বেগ
যদিও Garda এবং পুলিশ প্রতিনিধিরা Taser কে সদস্যদের নিরাপত্তা বৃদ্ধির কার্যকর উপায় হিসেবে দেখছেন, কিছু মানবাধিকার সংগঠন ও নাগরিক স্বাধীনতা বিষয়ক গোষ্ঠী সতর্ক অবস্থান নিয়েছে। তাদের মতে, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে Taser ব্যবহারে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
Garda কর্তৃপক্ষ বলছে, কর্মসূচিটি কঠোর নীতিমালা এবং মানবাধিকারভিত্তিক কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে। দেশব্যাপী সম্প্রসারণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করা হবে।
আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরে প্রধানত নিরস্ত্র পুলিশিং ব্যবস্থার জন্য পরিচিত। সেই প্রেক্ষাপটে Garda Taser কর্মসূচির সম্প্রসারণ নিরাপত্তা, জনস্বার্থ এবং মানবাধিকার সুরক্ষার মধ্যে ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে কর্মসূচির ফলাফল আয়ারল্যান্ডের পুলিশিং কৌশল ও জননিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।সংবাদের সূত্রঃ
আইরিশ নিউজ মিডিয়া এবং An Garda Síochána.