আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরে ইউরোপের একটি উন্নত স্বাস্থ্যব্যবস্থার দেশ হিসেবে পরিচিত। আধুনিক হাসপাতাল অবকাঠামো, মানসম্মত চিকিৎসা শিক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ ব্যবস্থার কারণে দেশটি ইউরোপীয় স্বাস্থ্যখাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। স্বাস্থ্যখাতে তুলনামূলক উচ্চ ব্যয়, উন্নত চিকিৎসা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের মেডিকেল শিক্ষার জন্যও দেশটির পরিচিতি রয়েছে। তবুও এই ইতিবাচক চিত্রের আড়ালে আয়ারল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থা আজ এক গভীর ও দীর্ঘমেয়াদি কাঠামোগত চাপের মুখে দাঁড়িয়ে আছে। বিশেষ করে waiting list, consultant shortage এবং workforce retention এর মতো ক্ষেত্রে দেশটি দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।
এই সংকটের কেন্দ্রে রয়েছে দুটি আন্তঃসম্পর্কিত বাস্তবতা—রাষ্ট্র ও কনসালট্যান্ট চিকিৎসকদের মধ্যে আস্থার ভাঙন এবং দক্ষ চিকিৎসকদের ধারাবাহিক দেশত্যাগ বা emigration। এই দুটি প্রবণতা একে অপরকে শক্তিশালী করে স্বাস্থ্যখাতে একটি পুনরাবৃত্ত সংকটচক্র তৈরি করেছে।
২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর কনসালট্যান্ট চিকিৎসকদের বেতন, ভাতা ও কর্মপরিবেশ সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে রাষ্ট্রের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। সে সময় চিকিৎসকদের অভিযোগ ছিল, পূর্বের চুক্তিগত প্রতিশ্রুতি অর্থনৈতিক চাপের অজুহাতে আংশিকভাবে পরিবর্তন করা হয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৮ সালে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়, যেখানে বেতন পুনর্নির্ধারণ এবং বকেয়া অর্থ পরিশোধ করা হয়।
কিন্তু সেই সমঝোতা ঘিরে এখন নতুন বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে মামলার আইনি ব্যয় (legal costs) কে বহন করবে তা নিয়ে। আয়ারল্যান্ডের স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এইচএসই (HSE) এবং রাষ্ট্রের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলায় জয়ী হওয়া শতাধিক কনসালট্যান্ট চিকিৎসক এবার তাদের আইনি খরচ পরিশোধের জন্য আদালতের আদেশ চেয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ আবার নতুন করে আলোচনায় এসেছে ডাবলিন হাইকোর্টে।
বর্তমানে চিকিৎসক পক্ষের দাবি, যেহেতু মামলাটি মূলত সফলভাবে নিষ্পত্তি হয়েছে, তাই আইনি ব্যয় রাষ্ট্রের বহন করা উচিত। অন্যদিকে রাষ্ট্র ও স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, কোন কেস সমঝোতার আওতায় পড়বে এবং কারা এর অন্তর্ভুক্ত, এটি নিয়ে প্রশাসনিক যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। ফলে আট বছর পরও একটি সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়ায় স্বাস্থ্যখাতে নীতিগত আস্থার প্রশ্ন আরও জোরালো হয়েছে।
এই আস্থার সংকটের পাশাপাশি আয়ারল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থা এখন গুরুতর চিকিৎসক ঘাটতির মুখে। OECD এর বিভিন্ন তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, বিশেষজ্ঞ চিকিৎসক ও কনসালট্যান্টের প্রাপ্যতা নিয়ে আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে হাসপাতালগুলোতে—রোগীদের দীর্ঘ অপেক্ষা, অপারেশন ব্যাকলগ এবং জরুরি বিভাগের ওপর অতিরিক্ত চাপ। বিদ্যমান চিকিৎসকদের কাজের চাপ ক্রমাগত বাড়তে থাকায় ক্লান্তি ও burnout বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতিতে অনেক চিকিৎসক যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন। ক্যারিয়ার অগ্রগতি, তুলনামূলক উন্নত work-life balance এবং স্থায়ী পেশাগত নিরাপত্তার প্রত্যাশায় আয়ারল্যান্ডে প্রশিক্ষণ নেওয়া অনেক junior doctor বিদেশে কাজের সুযোগ খোঁজেন। ফলে আবার নতুন করে জনবল সংকট তৈরি হচ্ছে। এভাবে একটি পুনরাবৃত্ত চক্র তৈরি হয়েছে—কম ডাক্তার, বেশি চাপ, দেশত্যাগ এবং আবার ঘাটতি।
আয়ারল্যান্ডের চিকিৎসক জনবলের একটি বড় অংশ বিদেশে প্রশিক্ষিত, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ non-EU দেশ থেকে আসা। তারা বিশেষ করে junior doctor ও registrar পর্যায়ে হাসপাতাল ব্যবস্থার দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তবে এই নির্ভরতার মধ্যেও একটি কাঠামোগত দুর্বলতা রয়েছে। অনেক বিদেশি চিকিৎসক দীর্ঘদিন কাজ করলেও তাদের জন্য স্থায়ী specialist recognition বা consultant pathway তুলনামূলকভাবে জটিল ও ধীর। ফলে তারা দীর্ঘ সময় “temporary workforce” অবস্থায় থেকে যান। অভিজ্ঞতা অর্জনের পর তাদের একটি অংশও উন্নত career progression ও দীর্ঘমেয়াদি পেশাগত স্থিতিশীলতার জন্য অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশে চলে যান।
আয়ারল্যান্ডের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে অত্যন্ত শক্তিশালী। Royal College of Surgeons in Ireland (RCSI), Trinity College Dublin, University College Dublin, University of Galway এবং University College Cork বিশ্বমানের চিকিৎসক তৈরি করছে।
কিন্তু সমস্যা হলো, এই মানবসম্পদ ধরে রাখার কাঠামো তুলনামূলকভাবে দুর্বল। পর্যাপ্ত specialist training post এবং consultant পদ না থাকায় অনেক চিকিৎসক তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন। ফলে প্রতিবছর তৈরি হওয়া চিকিৎসকদের একটি অংশ বিদেশে পাড়ি দেন, যা স্বাস্থ্যব্যবস্থার ঘাটতিকে আরও বাড়িয়ে তুলছে।
এই সংকটের পেছনে কয়েকটি আন্তঃসম্পর্কিত কারণ কাজ করছে। হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে জনবল ঘাটতি, বিদ্যমান চিকিৎসকদের ওপর অতিরিক্ত কাজের চাপ, সীমিত ক্যারিয়ার অগ্রগতির সুযোগ এবং উচ্চ জীবনযাত্রার ব্যয় সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
বিশেষ করে ডাবলিনসহ বড় শহরগুলোতে বাসাভাড়া ও দৈনন্দিন ব্যয় অনেক চিকিৎসকের জন্য দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন করে তুলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চাকরির বাজারের আকর্ষণ, যেখানে তুলনামূলক বেশি বেতন, দ্রুত ক্যারিয়ার অগ্রগতি এবং উন্নত work-life balance পাওয়া যায়।
Consultant ও junior doctor পর্যায়ের বেতন কাঠামো নিয়েও দীর্ঘদিন আলোচনা রয়েছে। বর্তমানে আয়ারল্যান্ডে একজন consultant চিকিৎসকের বার্ষিক বেতন আনুমানিক ২ লাখ থেকে আড়াই লাখ ইউরো পর্যন্ত হতে পারে, যদিও অভিজ্ঞতা ও চুক্তির ধরন অনুযায়ী এতে ভিন্নতা রয়েছে।
অন্যদিকে junior doctor বা NCHD (Non-Consultant Hospital Doctor) পর্যায়ে কর্মরত চিকিৎসকদের বার্ষিক আয় সাধারণত প্রায় ৪০ হাজার থেকে ৭০ হাজার ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে।
চিকিৎসকদের একটি অংশের মতে, কাগজে বেতন তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক মনে হলেও উচ্চ করহার, বাড়িভাড়া, জীবনযাত্রার ব্যয় এবং অতিরিক্ত workload-এর কারণে বাস্তবে পেশাগত চাপ অনেক বেড়ে যায়। ফলে অস্ট্রেলিয়া, কানাডা কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশে তুলনামূলক ভালো work-life balance, কম প্রশাসনিক চাপ এবং দীর্ঘমেয়াদি পেশাগত স্থিতিশীলতার আকর্ষণ অনেক চিকিৎসককে বিদেশমুখী করছে।
সব মিলিয়ে আয়ারল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থা একটি স্বয়ংক্রিয় পুনরাবৃত্ত সংকটচক্রে আটকে গেছে। কম জনবল, বেশি চাপ, burnout, দেশত্যাগ এবং আবার নতুন ঘাটতি—এই চক্র বারবার ঘুরে ফিরে আসছে। এর ফলে হাসপাতালগুলোতে দীর্ঘ অপেক্ষার তালিকা, জরুরি বিভাগের চাপ এবং সামগ্রিক চিকিৎসা সেবার মান নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে।
এই পরিস্থিতিতে মূল প্রশ্ন হলো—আয়ারল্যান্ড কি শুধু চিকিৎসক তৈরির সক্ষমতা বাড়াবে, নাকি সেই চিকিৎসকদের ধরে রাখার জন্য একটি আস্থাভিত্তিক, স্থিতিশীল এবং প্রতিযোগিতামূলক স্বাস্থ্য কাঠামোও গড়ে তুলবে? কারণ একটি দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রকৃত শক্তি শুধুমাত্র তার শিক্ষা বা অবকাঠামোয় নয়, বরং সেই মানবসম্পদকে ধরে রাখার সক্ষমতার মধ্যেই নিহিত।