আয়ারল্যান্ডের আবাসন সংকট নতুন কোনো বিষয় নয়। তবে সাম্প্রতিক পরিসংখ্যান এবং আবাসন খাতের বিভিন্ন বিশ্লেষণে যে চিত্র উঠে এসেছে, তা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। নতুন তথ্য অনুযায়ী, দেশজুড়ে বাড়িভাড়ার বৃদ্ধি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে দ্রুতগতির বৃদ্ধিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আবাসন খাতের গবেষকদের মতে, এই সংকটের অন্যতম প্রধান কারণ হলো ভাড়ার জন্য পর্যাপ্ত বাড়ির অভাব। বাজারে নতুন ভাড়ার জন্য বাড়ির সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে, অন্যদিকে দ্রুত বাড়ছে চাহিদা। ফলে ভাড়াটিয়াদের আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।
সাম্প্রতিক আবাসন বিশ্লেষণে দেখা যাচ্ছে, আয়ারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে গড় বাড়িভাড়া ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ডাবলিন, কর্ক, গলওয়ে এবং লিমরিক এর মতো বড় শহরগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে কর্মসংস্থান এবং শিক্ষার সুযোগ বেশি থাকা এলাকাগুলোতে ভাড়ার চাপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, সাম্প্রতিক তথ্য অনুযায়ী আয়ারল্যান্ডে একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া এখন প্রায় €২,৪৮৬ এ পৌঁছেছে। আবাসন বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে ভাড়া বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এখন তা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
ডাবলিনে পরিস্থিতি আরও ব্যয়বহুল। ডাবলিন সিটি সেন্টার এলাকায় একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া প্রায় €২,৮৯৬ পর্যন্ত পৌঁছেছে। কিছু নতুন আবাসিক প্রকল্প এবং প্রিমিয়াম এলাকায় এই পরিমাণ €৩,০০০ থেকে €৪,৫০০ ছাড়িয়েও যাচ্ছে। ফলে মধ্যম আয়ের মানুষের জন্য রাজধানীতে বাসা ভাড়া নেওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।
অন্যদিকে তুলনামূলক কম ব্যয়ের কাউন্টিগুলোর মধ্যে মোনাহান এ দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া প্রায় €১,০২৬, ডোনেগালে প্রায় €১,০৩৬ এবং Leitrim এ প্রায় €১,০৭৭ বলে উল্লেখ করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ভাড়ার পার্থক্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভাড়ার জন্য উপলব্ধ বাড়ির সংখ্যা দ্রুত কমে যাওয়া। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পুরো আয়ারল্যান্ডে ভাড়ার জন্য তালিকাভুক্ত বাড়ির সংখ্যা ১,৮০০ এরও কম, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বনিম্ন পর্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ভাড়া বৃদ্ধির এই প্রবণতা শুধু বড় শহরেই সীমাবদ্ধ নয়। শহরের বাইরে অপেক্ষাকৃত ছোট শহর এবং কাউন্টিগুলোতেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। অনেক মানুষ বড় শহরের উচ্চ ব্যয় এড়িয়ে বিকল্প এলাকায় চলে যাওয়ার চেষ্টা করছেন, যার ফলে সেই এলাকাগুলোতেও নতুন চাপ তৈরি হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, সমস্যার মূল কারণ সরবরাহ এবং চাহিদার দীর্ঘদিনের ভারসাম্যহীনতা। প্রয়োজনের তুলনায় নতুন বাড়ি নির্মাণের হার এখনো পর্যাপ্ত নয়। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অভিবাসনের প্রভাবও আবাসন খাতে অতিরিক্ত চাপ তৈরি করছে।
আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জন্যও এই বাস্তবতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষার্থী, নতুন কর্মজীবী এবং পরিবার নিয়ে নতুনভাবে বসবাস শুরু করা অনেকের জন্য বাসা খুঁজে পাওয়া আগের তুলনায় আরও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বাড়িভাড়া একজন মানুষের মাসিক আয়ের বড় অংশ নিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
কমিউনিটির বিভিন্ন সদস্যের অভিজ্ঞতা এবং আলোচনায় আবাসন সংকটের আরেকটি উদ্বেগজনক দিকও সামনে আসছে। বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে পুরোনো দুই বা তিন বেডরুমের বাড়ি ভাড়া নিয়ে সেখানে অতিরিক্ত মানুষের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একটি কক্ষে একাধিক bunk bed বসিয়ে পৃথকভাবে শয্যা ভাড়া দেওয়ার অভিযোগও পাওয়া যায়। কমিউনিটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, একটি বেডের জন্য মাসিক প্রায় €৭০০ পর্যন্ত নেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে।
অনেকের মতে, Portugal, Italy এবং Spain থেকে নতুনভাবে আয়ারল্যান্ডে আসা বাংলাদেশীদের একটি অংশ দ্রুত বাসস্থানের প্রয়োজন এবং সীমিত বিকল্পের কারণে এমন ব্যবস্থার দিকে যেতে বাধ্য হচ্ছেন। ফলে কিছু অসাধু ব্যক্তি এই সংকটকে আর্থিক সুযোগ হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে।
কমিউনিটির কিছু সদস্য আরও অভিযোগ করেছেন, সামাজিক আবাসন বা social housing সুবিধা পাওয়া কিছু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে কক্ষ সাবলেট করে নগদ অর্থের বিনিময়ে ভাড়া দেওয়ার চেষ্টা করছেন। অভিযোগ অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে একটি কক্ষের জন্য €১,২০০ থেকে €১,৫০০ পর্যন্ত নেওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই সব ক্ষেত্রে সম্ভব হয়নি।
কমিউনিটি প্রতিনিধিদের মতে, আবাসন সংকটের সুযোগ নিয়ে অনিয়ম বা অতিরিক্ত আর্থিক লাভের সংস্কৃতি তৈরি হলে তা শুধু নতুন অভিবাসীদের জন্য নয়, বরং পুরো বাংলাদেশী কমিউনিটির ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আয়ারল্যান্ডের আবাসন সংকট এখন শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং জীবনযাত্রার ব্যয়, সামাজিক স্থিতিশীলতা এবং মানুষের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বড় জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে।
নতুন আবাসন সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি না পেলে ভাড়ার ওপর চাপ দ্রুত কমার সম্ভাবনা কম। সরকার নতুন আবাসন প্রকল্প এবং বিভিন্ন নীতিগত পরিবর্তনের উদ্যোগের কথা বললেও বাস্তব প্রভাব দেখতে আরও সময় লাগতে পারে।
উৎসঃDaft.ie আবাসন বিশ্লেষণ
Irish housing market reports
কমিউনিটি আলোচনা ও স্থানীয় পর্যবেক্ষণ