আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে খালি ও পরিত্যক্ত বাড়ি সংস্কারে সর্বোচ্চ €৮৪,০০০ অনুদানঃ কারা পাবেন এবং কী কী শর্ত পূরণ করতে হবে

· · ১৯০ বার পঠিত
আয়ারল্যান্ডে খালি ও পরিত্যক্ত বাড়ি সংস্কারে সর্বোচ্চ €৮৪,০০০ অনুদানঃ কারা পাবেন এবং কী কী শর্ত পূরণ করতে হবে

আয়ারল্যান্ডে আবাসন সংকট মোকাবিলা এবং দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা সম্পত্তিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে সরকার Vacant Property Refurbishment Grant নামে একটি বিশেষ অনুদান কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মসূচির মাধ্যমে পুরোনো ও অব্যবহৃত বাড়ি সংস্কারের জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দেওয়া হয়, যা অনেকের জন্য বাড়ি কেনা বা সংস্কারের ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Department of Housing, Local Government and Heritage এর Croí Cónaithe কর্মসূচির অধীনে পরিচালিত এই অনুদান স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বিতরণ করা হয়। আবেদনকারী নিজে বসবাসের জন্য বাড়ি সংস্কার করুন কিংবা ভাড়ার জন্য প্রস্তুত করুন, উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।

কত টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে
সাধারণভাবে অন্তত দুই বছর খালি থাকা একটি সম্পত্তি সংস্কারের জন্য সর্বোচ্চ €৫০,০০০ পর্যন্ত অনুদান পাওয়া যায়। যদি সম্পত্তিটি আনুষ্ঠানিকভাবে Derelict বা পরিত্যক্ত ও কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়, তাহলে অতিরিক্ত €২০,০০০ যোগ হয়ে মোট অনুদানের পরিমাণ €৭০,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে।

আয়ারল্যান্ডের নির্ধারিত উপকূলীয় দ্বীপাঞ্চলে অবস্থিত সম্পত্তির ক্ষেত্রে অনুদানের পরিমাণ আরও বেশি। সেখানে খালি সম্পত্তির জন্য সর্বোচ্চ €৬০,০০০ এবং পরিত্যক্ত সম্পত্তির জন্য সর্বোচ্চ €৮৪,০০০ পর্যন্ত অনুদান পাওয়া সম্ভব।

আবেদনের জন্য প্রধান যোগ্যতার শর্তসমূহ
এই অনুদান পাওয়ার জন্য আবেদনকারীকে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।

নিচের বিষয়গুলো বিশেষভাবে প্রযোজ্যঃ

  • সম্পত্তিটি আবেদন জমা দেওয়ার পূর্ববর্তী অন্তত দুই বছর খালি থাকতে হবে।
  • বাড়িটি ২০০৮ সালের আগে নির্মিত হতে হবে।
  • আবেদনকারীকে সম্পত্তির মালিক হতে হবে অথবা ক্রয় প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।
  • সংস্কার শেষে সম্পত্তিতে নিজে বসবাস করতে হবে অথবা ভাড়ার জন্য উপলব্ধ করতে হবে।
  • ভাড়ার জন্য ব্যবহার করা হলে Residential Tenancies Board (RTB) এ নিবন্ধন করতে হবে।
  • Revenue এর Tax Clearance থাকতে হবে এবং কর সংক্রান্ত বিষয়াদি হালনাগাদ থাকতে হবে।
  • প্রযোজ্য ক্ষেত্রে Local Property Tax পরিশোধ করা থাকতে হবে।
  • নিবন্ধিত কোম্পানি বা সম্পত্তি উন্নয়নকারী (Developer) হিসেবে আবেদন করা যাবে না।

এছাড়া শুধুমাত্র অনুদান পাওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো সম্পত্তি দীর্ঘদিন খালি রাখা হলে সেই আবেদন বাতিল হতে পারে।

কতবার এই অনুদান পাওয়া যাবে
একজন আবেদনকারী সর্বমোট দুইবার এই অনুদানের সুবিধা নিতে পারেন। একটি সম্পত্তি নিজের বসবাসের জন্য এবং আরেকটি সম্পত্তি ভাড়ার উদ্দেশ্যে সংস্কারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করে থাকে।

কোন ধরনের সম্পত্তি অন্তর্ভুক্ত
এই কর্মসূচি শুধুমাত্র আবাসিক বাড়ির জন্য সীমাবদ্ধ নয়। পূর্বে বাণিজ্যিক বা জনসেবামূলক কাজে ব্যবহৃত ভবন, যেগুলোর জন্য আবাসিক ব্যবহারের উপযুক্ত পরিকল্পনা অনুমোদন রয়েছে, সেগুলোকেও আবাসনে রূপান্তরের জন্য এই অনুদানের আওতায় আনা যেতে পারে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ভবন রূপান্তরের জন্য অতিরিক্ত সহায়তাও যুক্ত করা হয়েছে।

আবেদন করার আগে যা জানা জরুরি
অনুদানের অনুমোদন পাওয়ার আগে সংস্কার কাজ শুরু করা উচিত নয়। আবেদনকারীকে স্থানীয় কর্তৃপক্ষের Vacant Homes Officer এর মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র, মালিকানার প্রমাণ, খালি থাকার প্রমাণ, নির্মাণ ব্যয়ের কোটেশন এবং অন্যান্য নথি জমা দিতে হবে। কাজ সম্পন্ন হওয়ার পর পরিদর্শন ও যাচাই শেষে অনুদানের অর্থ প্রদান করা হয়।

আয়ারল্যান্ডে আবাসন সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে Vacant Property Refurbishment Grant একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ। নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি দীর্ঘদিন খালি পড়ে থাকা সম্পত্তিকে পুনরায় বসবাসযোগ্য করে তোলার মাধ্যমে আবাসন সংকট মোকাবিলায় এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির যেসব সদস্য পুরোনো সম্পত্তি কিনে সংস্কারের কথা ভাবছেন, তাদের জন্য এই অনুদান একটি উল্লেখযোগ্য আর্থিক সহায়তা হতে পারে।

কেন বিষয়টি গুরুত্বপূর্ণ
আয়ারল্যান্ডে বাড়ির দাম ও নির্মাণ ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতা পুরোনো বা অব্যবহৃত সম্পত্তির দিকে ঝুঁকছেন। এই অনুদান কর্মসূচি সেইসব সম্পত্তিকে পুনরায় আবাসন বাজারে ফিরিয়ে আনতে সহায়তা করছে এবং একই সঙ্গে শহর ও গ্রামীণ এলাকায় দীর্ঘদিনের অব্যবহৃত ভবনগুলোর নতুন ব্যবহার নিশ্চিত করছে।

সংবাদের সূত্রঃ
Department of Housing Local Government and Heritage.

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি