বিশ্ব

টানা তৃতীয় মাসেও তেল উৎপাদন বাড়ানোর পথে ওপেক প্লাস

· · ১৭৫ বার পঠিত
টানা তৃতীয় মাসেও তেল উৎপাদন বাড়ানোর পথে ওপেক প্লাস
এই চিত্রধর্মী ছবিতে প্রদর্শিত OPEC লোগোর সামনে একটি থ্রিডি প্রিন্টেড তেল উত্তোলন পাম্প জ্যাক দেখা যাচ্ছে

সংযুক্ত আরব আমিরাত জোট ছাড়ার পর প্রথম বৈঠকেই তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। রোববার অনলাইন বৈঠকে সদস্য দেশগুলো জানায়, আগামী জুনে প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৮৮ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন করা হবে। ফলে টানা তৃতীয় মাসের মতো উৎপাদন কোটা বাড়ানোর ঘোষণা এলো।

এই সিদ্ধান্তে সৌদি আরব ও রাশিয়ার সঙ্গে ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান ও ওমান সম্মত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, আমিরাতের বিদায়ের পর জোটের ঐক্য ও নিয়ন্ত্রণ ধরে রাখার বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বাস্তব চিত্র ভিন্ন হতে পারে। ইরান যুদ্ধের প্রভাব এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল সরবরাহ স্বাভাবিকভাবে বাড়ানো এখন প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ রুট দিয়েই বেশিরভাগ তেল রফতানি হয়। ফলে উৎপাদন বাড়ানোর ঘোষণা আপাতত কাগজেই সীমাবদ্ধ থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১২৫ ডলারের ওপরে। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। এমন অবস্থায় আগামী ৭ জুন আবারও বৈঠকে বসবে ওপেক প্লাস। এখন সব নজর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে, কারণ এই সংকট কবে কাটবে, তার ওপরই নির্ভর করছে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দাম।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি